কার্ডিফ, ১৯ সেপ্টেম্বর: ওয়েলসের গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত জাতীয় সাংবাদিক ইউনিয়ন (NUJ)-এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে সাংবাদিকতার স্বাধীনতা, স্থানীয় সংবাদমাধ্যমের গুরুত্ব, সাংবাদিকদের কর্মপরিবেশ এবং গণমাধ্যমে সরকারি অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে।
‘দ্য স্টেট অব মিডিয়া ইন ওয়েলস: শেপিং আওয়ার ফিউচার’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার Rhun ap Iorwerth। সাংবাদিক ও সম্প্রচারক হিসেবে প্রায় ২০ বছর কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি জনসেবা।
Rhun ap Iorwerth বলেন, একটি শক্তিশালী ও সুস্থ গণমাধ্যম না থাকলে সমাজে মানুষের প্রতিনিধিত্ব এবং সরকারের কর্মকাণ্ডের ওপর প্রয়োজনীয় নজরদারি দুর্বল হয়ে পড়ে। সরকার ভুল করলে সেই ভুল তুলে ধরে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার জন্য স্বাধীন সাংবাদিকতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি ওয়েলসে একটি আত্মবিশ্বাসী, বৈচিত্র্যময় ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাংবাদিকদের জন্য ভালো চাকরি, উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ এবং নিউজরুমে বৈচিত্র্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন।
সম্মেলনের বিকেলের অধিবেশনে বক্তব্য দেন TUC Cymru-এর সাধারণ সম্পাদক Laura Doel। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা Doel বলেন, স্থানীয় সংবাদমাধ্যম বন্ধ হয়ে গেলে শুধু সংবাদপত্র বা সংবাদমাধ্যমের সংখ্যা কমে না, এর সঙ্গে সাধারণ মানুষের গল্প ও স্থানীয় সম্প্রদায়ের কণ্ঠস্বরও হারিয়ে যায়।
তিনি বলেন, স্থানীয় নিউজরুম ছোট হয়ে গেলে কম সংখ্যক ঘটনা সংবাদে উঠে আসে। সাংবাদিকের সংখ্যা কমে গেলে অভিজ্ঞতাও হারিয়ে যায় এবং সাংবাদিকদের নজরদারি দুর্বল হলে জবাবদিহিও দুর্বল হয়ে পড়ে।
ওয়েলসে দীর্ঘদিন ধরে চলে আসা ‘তথ্যের ঘাটতি’ বা information deficit নিয়েও সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়। Doel ওয়েলসের জনস্বার্থের সাংবাদিকতা শক্তিশালী করার জন্য Wales Public Interest Journalism Working Group প্রতিষ্ঠার উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ওয়েলসে গণমাধ্যম সম্পর্কে মানুষের সচেতনতা বা media literacy বাড়ানো এবং একটি Welsh Media Institute প্রতিষ্ঠা করা প্রয়োজন। এর মাধ্যমে পর্যাপ্ত অর্থায়ন, বৈচিত্র্য এবং বিভিন্ন মতামতের প্রতিনিধিত্বকারী একটি শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে।
ওয়েলশ ভাষার প্রসঙ্গও সম্মেলনে গুরুত্ব পায়। Laura Doel বলেন, সাংবাদিকতা দৈনন্দিন জীবনে ওয়েলশ ভাষার ব্যবহারকে স্বাভাবিক করতে এবং সামাজিক ঐক্য জোরদার করতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, সাংবাদিকরা মানসম্মত তথ্য সরবরাহের মাধ্যমে মানুষকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেন।
গণমাধ্যমে সরকারি অর্থায়ন নিয়েও বক্তব্য দেন Doel। তিনি সাংবাদিকতাকে জনসেবা হিসেবে উল্লেখ করে বলেন, গণমাধ্যমের জন্য সরকারি অর্থায়ন প্রয়োজন হতে পারে। তবে এর পাশাপাশি শক্তিশালী পরিচালন ব্যবস্থা এবং রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকানোর জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা থাকা জরুরি। এ ক্ষেত্রে তিনি ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ের উদাহরণ তুলে ধরেন।
সাংবাদিকদের বেতন ও কর্মসংস্থানের নিরাপত্তার বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পায়। Doel বলেন, সাংবাদিকদের উপযুক্ত বেতন এবং কর্মস্থলে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকা প্রয়োজন। চাকরির অনিশ্চয়তা ও অস্থিতিশীল বেতনব্যবস্থা থাকলে মানসম্মত সাংবাদিকতা তৈরি করা এবং তরুণদের এই পেশায় আকৃষ্ট করা কঠিন হয়ে পড়ে।
সম্মেলনে বক্তারা সামগ্রিকভাবে এমন একটি গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যেখানে সাংবাদিকতা স্বাধীন থাকবে, স্থানীয় মানুষের কণ্ঠস্বর তুলে ধরা হবে, সাংবাদিকদের ভালো কর্মপরিবেশ থাকবে এবং গণমাধ্যম জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে পারবে।