সিলেট প্রতিনিধি
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরব সময় রাত আনুমানিক ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মতিউর রহমান। রিয়াদের হারা এলাকায় একটি বাসায় তিনি আরও তিনজনের সঙ্গে থাকতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্না নিয়ে রুমমেটদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সোমবার রাতে সবাই কাজ শেষে বাসায় ফেরার পর আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে আঘাত করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে দাবি পরিবারের।
ঘটনার পর রুমে থাকা অপর তিনজন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।
নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, “মতিউর রহমান খুবই শান্তশিষ্ট একটি ছেলে। দুই-তিন দিন আগে তার সঙ্গে হওয়া ঝামেলার কথা সে পরিবারকে জানিয়েছিল। গতকাল থেকে তাকে ফোন দেওয়া হলেও পাওয়া যাচ্ছিল না। পরে তার রুমে থাকা গ্রামের একজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ঘটনার কথা জানান।”
তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মতিউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, “এ বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি।”